রামু সীমান্তে হাতির হামলা : চিকিৎসকসহ ৩ জনকে ঢাকায় স্থানান্তর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সর্বদা মানবিক সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

নিজস্ব প্রতিবেদক
রামু সীমান্তে হাতির হামলা : চিকিৎসকসহ ৩ জনকে ঢাকায় স্থানান্তর
রামু সীমান্তে হাতির হামলা : চিকিৎসকসহ ৩ জনকে ঢাকায় স্থানান্তর |নয়া দিগন্ত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত একটি বন্যহাতির চিকিৎসা দিতে গিয়ে হাতিটির আক্রমণে গুরুতর আহত হয়েছেন দুই ভেটেরিনারি চিকিৎসকসহ তিনজন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম জানান, গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজার জেলার রামু উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী রাজারকুল থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণের পাহাড়ে মাইন বিস্ফোরণে একটি হাতি আহত হয়। পরে ওই হাতির চিকিৎসা দিতে গেলে হাতিটি তিনজনকে আক্রমণ করে গুরুতরভাবে আহত করে। আহতদের বিজিবির হেলিকপ্টারে রামু ক্যান্টনমেন্ট থেকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত মো: জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো: মোস্তাফিজুর রহমান এবং সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশের কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মো: আতিকুর রহমান।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা আরো বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সর্বদা মানবিক সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ।