পদ্মা সেতুতে ১৮ ঘণ্টায় ৩ কোটি ৪০ লাখ টাকা টোল আদায়

গত ১৮ ঘণ্টায় ৩২ হাজার ১৫৫টি যানবাহন পার হয়েছে। আর টোল আদায় হয়েছে তিন কোটি ৩৯ লাখ ৭৬ হাজার ৩০০ টাকা।

নয়া দিগন্ত অনলাইন
পদ্মা সেতু টোল প্লাজা
পদ্মা সেতু টোল প্লাজা |সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার ঘরমুখো যাত্রীরা স্বস্তিতে ভোগান্তি ছাড়া ঈদযাত্রা করছে। যাতায়াতে কোনো দুর্ভোগ না থাকায় এ বছরও বেশিসংখ্যক যাত্রী এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করছে। 

গত ১৮ ঘণ্টায় ৩২ হাজার ১৫৫টি যানবাহন পার হয়েছে। আর টোল আদায় হয়েছে তিন কোটি ৩৯ লাখ ৭৬ হাজার ৩০০ টাকা।

পদ্মা সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, ঈদুল আজহার আগের দিনও পদ্মা সেতু টোল প্লাজায় গাড়ির কোনো চাপ নেই। স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। 

গতকাল মঙ্গলবার রাত ১২টা থেকে আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে দক্ষিণাঞ্চলগামী ২২ হাজার ৫৭৫টি যানবাহন পার হয়েছে। টোল আদায় হয়েছে দুই কোটি ৯ লাখ ১৯ হাজার ৫০০ টাকা।

জাজিরা প্রান্ত দিয়ে ঢাকাগামী নয় হাজার ৫৮০টি যানবাহন পার হয়েছে। টোল আদায় হয়েছে এক কোটি ৩০ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা। 

পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দক্ষিণাঞ্চলগামী যানবাহনগুলো যাতে দ্রুত টোল পরিশোধ করে গন্তব্যে চলে যেতে পারে এজন্য মাওয়া পান্তে তিনটি মোটরসাইকেল বুথসহ ১০টি এবং জাজিরা প্রান্তে দুইটি মোটরসাইকেল বুথসহ নয়টি বুথ খোলা  হয়েছে।

সূত্র : বাসস