পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী সব ধরনের নৌযান, ফেরি ও লঞ্চকে সর্বোচ্চ সতর্কতার সাথে পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিআইডব্লিউটিএর আরিচা শাখার যুগ্ম-পরিচালক (নৌ-সওপ) মোহাম্মদ আশ্রাফ উদ্দিন স্বাক্ষরিত এক বিশেষ জরুরি নৌ-বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে পদ্মা নদীতে উজানের পানির স্রোতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে ওই এলাকায় পানির স্রোতের বেগ ঘণ্টায় প্রায় সাত দশমিক ২০ নটিক্যাল মাইল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রবল স্রোতের কারণে নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় বিআইডব্লিউটিএ দু’টি নির্দেশনা দিয়েছে।
প্রথমটি হলো, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলরত সব নৌযান, ফেরি ও লঞ্চকে অতি সতর্কতার সাথে পরিচালনা করতে হবে।
দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে, যেসব নৌযান, ফেরি ও লঞ্চ সাত দশমিক ২০ নটিক্যাল মাইলের কম বেগে চলতে সক্ষম, সেসব নৌযানকে এই নৌপথ পরিহার করে চলাচল করতে হবে।
বিজ্ঞপ্তিতে নৌপথে চলাচলকারী সব নৌযানের মালিক, মাঝি, চালক ও অপারেটরদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিরাপদে নৌযান পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নৌযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নৌ-পুলিশ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নৌ-শ্রমিক ফেডারেশনসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে বিশেষ জরুরি নৌ-বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে। বাসস



