মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই জোড়া বোটসহ আটক ২১

অভিযানকালে আটক হওয়া বোট দু’টিতে তল্লাশি করা হয়। এ সময় ‘এফবি ফাতেমা হোসনা’ থেকে ১০ জন পাচারকারীসহ ৬৫০ বস্তা সিমেন্ট এবং ‘এফবি নিঝু রাব্বি’ থেকে ১১ জন পাচারকারীসহ ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ নৌবাহিনী
বাংলাদেশ নৌবাহিনী |সংগৃহীত

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে এক হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ দু’টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শুক্রবার ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে আনুমানিক ১৩ মাইল দূরে পৃথক দু’টি অভিযান পরিচালনা করে। অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী ‘এফবি ফাতেমা হোসনা’ এবং ‘এফবি নিঝু রাব্বি’ নামক দু’টি ইঞ্জিনচালিত দেশীয় কাঠের ফিশিং বোট আটক করা হয়।

অভিযানকালে আটক হওয়া বোট দু’টিতে তল্লাশি করা হয়। এ সময় ‘এফবি ফাতেমা হোসনা’ থেকে ১০ জন পাচারকারীসহ ৬৫০ বস্তা সিমেন্ট এবং ‘এফবি নিঝু রাব্বি’ থেকে ১১ জন পাচারকারীসহ ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। অভিযানে সর্বমোট ২১ জন পাচারকারীকে আটক এবং এক হাজার ৪৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে। আটক হওয়া ব্যক্তি, জব্দকৃত বোট এবং সিমেন্টের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে আইএসপিআর জানায়।

আইএসপিআর আরো জানায়, বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমায় চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাসস