ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের নতুন মহাপরির্দশক (আইজিপি) মো: আলী হোসেন ফকির।
সোমবার (৯ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে সমসাময়িক নানা ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সারাদেশে চাঁদাবাজ সন্ত্রাসী অপরাধীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। দ্রুত সময় অভিযান শুরু হবে, সারাদেশে থানা হবে জিরো কমপ্লেন। মব সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ‘হাদি হত্যার আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে।’
আইজিপি মো: আলী হোসেন ফকির বলেন, ‘পুলিশের পক্ষ থেকে কেউ অতি উৎসাহী হবে না, ন্যায় বিচারে কাজ করবে পুলিশ, সন্ত্রাসী, মব সন্ত্রাস নির্মূলে উদ্যোগী।’
তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে অতি উৎসাহী ভূমিকা পালন করবেন না কোনো সদস্য। তবে জনগণকে আইন মেনে চলতে হবে।
কোনো নিষিদ্ধ সংগঠন আইনবহির্ভূত কোনো কাজে জড়িত থাকলে ছাড় দেয়া হবে না বলেও জানান আলী হোসেন ফকির।
তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ সরকারের জনগণের অংশ, পুলিশ সেবা প্রদান করে যাবে। পুলিশ জনগণের বন্ধু হয়ে থাকবে। জিরো কমপ্লেন অভিযোগ থাকবে না থানাগুলোতে। বিগত সময়ে সব পুলিশ অন্যায় কাজে জড়িত ছিল না।
পুলিশের দুর্নামের জন্য কতিপয় পুলিশ সদস্য দায়ী মন্তব্য করে আইজিপি বলেন, পুলিশের পদোন্নতি, পদায়নে কোনো ধরনের স্বজনপ্রীতি হবে না। সৎ ও যোগ্য লোক থাকবে পুলিশে।
তিনি আরো জানান, সমস্যা সমাধানের জন্য প্রতিটি থানায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানোর পরিকল্পনা রয়েছে সরকারের। আর পুলিশের পোশাকের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।



