পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ার লক্ষ্যে রাজধানীর ৫৪টি ওয়ার্ডে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার দলটির ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগে বসুন্ধরা, বাড্ডা ও রামপুরা এলাকার ২৩, ২৪ ও ৪০ নম্বর ওয়ার্ডসহ রাজধানীর বিভিন্ন এলাকায় কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
উদ্বোধনকালে তিনি বলেন, সিটি করপোরেশনকে তাদের দায়িত্ব পালন করতে হবে। জামায়াত দায়িত্বে না থাকা সত্ত্বেও নাগরিক ও মানবিক দায়িত্ব এবং নৈতিক দায়বদ্ধতা থেকে মাঠে নেমেছে।
তিনি আশা প্রকাশ করেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও এ উদ্যোগের পাশে থাকবে। সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ঢাকার ৫৪টি ওয়ার্ডে একযোগে মাঠে নেমেছেন তারা। এ কর্মসূচিতে হাজার হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন। পাশাপাশি অভিজ্ঞ পরিচ্ছন্নতাকর্মী ও সমাজসেবীদেরও এ উদ্যোগের সাথে যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, তারা এমন একটি ঢাকা গড়ে তুলতে চান যেখানে ময়লা-আবর্জনা ও জলাবদ্ধতা থাকবে না এবং যানজট কমবে। এর মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নগরবাসীর প্রতি আহবান জানিয়ে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, পরিষ্কার, যানজটমুক্ত ও জলাবদ্ধতামুক্ত ঢাকা গড়তে ঢাকাবাসীকে সিদ্ধান্ত নিতে হবে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে।
কর্মসূচিতে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার আবুল বাসার, ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ তারেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৫ আগস্ট থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চলবে।



