প্রেস সচিব

সাব-এডিটররা সবচেয়ে বেশি বঞ্চিত

‘যেসব গণমাধ্যম সাংবাদিকদের সম্মানজনক বেতন ভাতা দেবে না। সেসব গণমাধ্যম আর দরকার নাই। একজন সাব-এডিটরদের ৩০, ৪০ বা ৫০ হাজার বেতন দিতে না পারলে সেগুলো বন্ধ করে দিতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম |নয়া দিগন্ত

‘সাব-এডিটররা সবচেয়ে বেশি বঞ্চিত’ মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আমার জীবনে প্রথম সাংবাদিকতায় অভিজ্ঞতাই হচ্ছে সাব-এডিটর হিসেবে।’

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠনটির এ ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন, রাজনৈতিক ব্যক্তি, ডিএসইসির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনের পাঁচ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

শফিকুল আলম বলেন, ‘সাব-এডিটররা সবচেয়ে বেশি বঞ্চিত।’

সাব-এডিটররা বেতনের ক্ষেত্রে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার উল্লেখ করে তিনি বলেন, ‘যেসব গণমাধ্যম সাংবাদিকদের সম্মানজনক বেতন ভাতা দেবে না। সেসব গণমাধ্যম আর দরকার নাই। একজন সাব-এডিটরদের ৩০, ৪০ বা ৫০ হাজার বেতন দিতে না পারলে সেগুলো বন্ধ করে দিতে হবে।’

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, পিআইবি ডিজি ফারুখ ওয়াসিফ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, ডিইউজে সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, দৈনিক উত্তর দক্ষিণ-এর সম্পাদক শেখ ফারুক আহমাদ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপনা সম্পাদক বি এম ইউসুফ আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তাদির অনিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।