বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ১১ দফা নির্দেশনা

নির্দেশনার আদেশের কপিটি সকল মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের (ডিসি) পাঠানো হয়েছে এবং তা দ্রুত কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মন্ত্রিপরিষদ বিভাগ
মন্ত্রিপরিষদ বিভাগ |নয়া দিগন্ত গ্রাফিক্স

বর্তমান বৈশ্বিক সঙ্কট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও করপোরেশনগুলোর জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারিকৃত এক নির্দেশনায় এ কথা বলা হয়।

নির্দেশনার আদেশের কপিটি সকল মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের (ডিসি) পাঠানো হয়েছে এবং তা দ্রুত কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় আরো বলা হয়েছে, বৈশ্বিক প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সরকারি কর্মকর্তাদের আরো সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে গৃহীত ব্যবস্থাগুলো হলো—

১. দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা, দরজা বা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।

২. বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে।

৩. অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।

৪. এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে।

৫. অফিস কক্ষ ত্যাগ করার সময় বাতি, ফ্যান ও এসি বন্ধ নিশ্চিত করতে হবে।

৬. অফিসের করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো বন্ধ রাখতে হবে।

৭. বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।

৮. অফিস সময় শেষ হওয়ার পর কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম পুরোপুরি বন্ধ রাখতে হবে।

৯. সকল প্রকার আলোকসজ্জা পরিহার করতে হবে।

১০. সরকারি গাড়ির ব্যবহার সীমিত করতে হবে।

১১. জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত চিঠিতে আরো জানানো হয়, প্রতিটি দফতর ও সংস্থাকে তাদের নিয়ন্ত্রণাধীন অফিসগুলোতে এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বাসস