আসন্ন রমজান মাসে আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) থেকে ইস্যু করা চিঠিতে বলা হয়েছে, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব আর্থিক প্রতিষ্ঠান অফিস চলবে।
নতুন সময় অনুযায়ী, অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আর শুক্রবার ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
ব্যাংকগুলোয় রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
এদিকে রমজান মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসিতে লেনদেন হবে নতুন সময়সূচিতে।
সোমবার প্রতিষ্ঠানটির এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসে ডিএসইর লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। পোস্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত।
তবে অফিসিয়াল কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রমজান মাস শেষ হওয়ার পরে আর্থিক প্রতিষ্ঠানে অফিস সময়সূচি, ব্যাংকের আর্থিক লেনদেন এবং ডিএসই-এর লেনদেন আগের অবস্থায় ফিরে আসবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।



