নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের বঞ্চিত আরো ৯৬ জন

বুধবার (১৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে এসব প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ জন বঞ্চিত প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে এসব প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে’র মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। ওই তারিখে যোগদান না করলে তাকে চাকরিতে যোগদানে অনাগ্রহী হিসেবে বিবেচনা করা হবে এবং তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

এতে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখতে তাদের ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপনের তারিখ থেকে ভূতাপেক্ষিকভাবে (রেট্রোস্পেকটিভ) নিয়োগ কার্যকর হবে। ফলে সংশ্লিষ্ট ব্যাচের অন্য কর্মকর্তাদের সঙ্গে তাদের ধারণাগত জ্যেষ্ঠতা বজায় থাকবে। তবে এ কারণে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।

উল্লেখ্য, ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। পরে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওই ফলাফল বাতিল করে পুনরায় মৌখিক পরীক্ষা গ্রহণ করে।

প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা আদালতে রিট আবেদন করেন। ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলকে বৈধ ঘোষণা করে রায় দেন। পরবর্তীতে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন আবেদনকারীরা।

এর ধারাবাহিকতায় গত বছরের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন।

এরপর গত ১৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় ৬৭৩ জন নিয়োগবঞ্চিত প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।