সরকার পুলিশের ত্রিমাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বাংলাদেশ পুলিশ দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষা এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কথা বলেন
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কথা বলেন |সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পুলিশের ত্রিমাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, ‘এ লক্ষ্যে পুলিশ সদস্যদের আধুনিক ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ অব্যাহত রয়েছে, পুলিশে হেলিকপ্টারের অন্তর্ভুক্তি, আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, আধুনিক যানবাহন ও অন্যান্য সরঞ্জামের যোগান দেয়ার কাজ চলমান রয়েছে।’

জাতীয় সংসদে সোমবার (৩০ মার্চ) নোয়াখালী-৫ আসনের সরকারি দলের সদস্য মোহাম্মদ ফকরুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের আইনশৃঙ্খলা এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা রক্ষার জন্য বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশ দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষা এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে।’

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ পুলিশ দেশে আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেগুলো বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাস্তবায়ন করছে, যার মধ্যে রয়েছে-মানবাধিকার সমুন্নত রেখে জনগণের নিরাপত্তা রক্ষার জন্য সকল ধরনের কার্যক্রম পরিচালনা, বৈজ্ঞানিক তদন্ত প্রক্রিয়া ও প্রযুক্তি ব্যবহার করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখা, জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণ সেবা সহজে নিশ্চিত করতে ‘ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯’ এর কার্যক্রম চলমান পরিচালনা করা। বাসস