বিদেশী বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

‘প্রণোদনা প্রদানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীসহ সকল বাংলাদেশী নাগরিককে এফডিআই আনয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করা হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত |সংগৃহীত

‘প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ অনুমোদন দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ প্রস্তাব উপস্থাপন করা হয়।

বৈঠকে বলা হয়েছে, প্রণোদনা প্রদানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীসহ সকল বাংলাদেশী নাগরিককে এফডিআই আনয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

এছাড়াও, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাবের আলোকে সভায় ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক মুনাফাভিত্তিক বা অ-মুনাফাভিত্তিক কোম্পানি বা সংগঠন গঠন এবং কোম্পানি বা সংগঠনের শেয়ার অর্জন ও ধরনের বিধান অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮-এর সংশোধন করা প্রয়োজন।

ড. খলিলুর রহমান জাতিসঙ্ঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভার বৈঠকে অভিনন্দন জানানো হয়। বাসস