গাজায় ইসরাইলের আগ্রাসন ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের কর্মসূচি ‘মার্চ ফর গাজা’র ঘোষণাপত্রে ইসরাইলের সাথে সব ধরনের চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত কর্মসূচির মূল মঞ্চে দাঁড়িয়ে এ ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।
ঘোষণাপত্রে অবিলম্বে গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়। এছাড়াও ইসরায়েলের সাথে সব ধরনের চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানান বক্তারা।
এ দিন সকাল ৯টা থেকেই পুরানা পল্টন, গুলিস্তানের জিপিও, কাকরাইল, মৎসভবন, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি চত্বর থেকে ছোট-বড় মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানমুখী জনস্রোত শুরু হয়। বিকেল সাড়ে ৩টা-৪টা পর্যন্তও সমাবেশস্থলের দিকে লোকজন আসতে থাকেন এবং একপর্যায়ে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে রমনা পার্ক, শাহবাগ, টিএসসি, হাইকোর্ট এলাকার সংযোগ সড়কগুলোয় লোকজন ভরে যায়। প্রচণ্ড রোদ ও গরম উপেক্ষা করে লাখ লাখ মানুষ এই গণজমায়াতে অংশ নেন।
সমাবেশস্থলে মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আব্দুল আহমেদ কাদের, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের সেক্রেটারি জেনারেল রেজাউল করিম, দক্ষিণের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জাগপা সহ-সভাপতি রাশেদ প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
উল্লেখ্য, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে একত্রিত হয়েছে বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও শিল্পী, কবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখরা উপস্থিত ছিলেন। এক মঞ্চে দাঁড়িয়ে দলমত নির্বিশেষে সবাই ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা বন্ধে দৃঢ় অবস্থান নেন এবং সাহসী কণ্ঠে প্রতিবাদ জানান।



