এনসিপির সমাবেশে বোমা হামলা

নাহিদের বক্তব্য রাজনৈতিক : উপদেষ্টা জাহেদ

সরকার তদন্ত করবে। ঘটনার তো ২৪ ঘণ্টাও হয়নি। সবসময় যে খুব দ্রুত কাজটা করে ফেলা যাবে, তা না। সরকার অবশ্যই গ্রেফতার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। গ্রেফতারের একটা প্রক্রিয়া আছে, তদন্ত আছে, নানা রকমভাবে সেই চেষ্টা হবে। সরকার করছে কি না, সেটা দেখার ব্যাপার আছে।

নয়া দিগন্ত অনলাইন
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা হামলা নিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তা ‘রাজনৈতিক’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রশাসনের সহযোগিতায় সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলা হয়েছে বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এটার প্রতিবাদ জানাই। সরকারের প্রধান কাজ হচ্ছে, যারা এটার সাথে জড়িত সেই তদন্ত করা, তাদের ধরা।’

তিনি বলেন, নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকু বলব যে রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন। সেটা তার অধিকারও আছে, তিনি সেটা বলতে পারেন।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, তবে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণঅভ্যুত্থানে তার থেকে আরেকটু দায়িত্বশীল মন্তব্য আশা করি।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকার তদন্ত করবে। ঘটনার তো এখনো ২৪ ঘণ্টাও হয়নি। সবসময় যে খুব দ্রুত কাজটা করে ফেলা যাবে, তা না। সরকার অবশ্যই গ্রেফতার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। গ্রেফতারের একটা প্রক্রিয়া আছে, তদন্ত আছে, নানা রকমভাবে সেই চেষ্টা হবে। সরকার করছে কি না, সেটা দেখার ব্যাপার আছে।’

জাহেদ উর রহমান বলেন, একটা রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরও কখনো কোনো অঘটন ঘটতে পারে। সরকারটা সেটাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে কি না, ব্যবস্থা নিচ্ছে কি না সেটা জরুরি ব্যাপার। এ সরকার নিচ্ছে, আমি আপনাকে সেটা নিশ্চিত করে বলতে পারছি।

সূত্র : ইউএনবি