আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিদেশ থেকে পোস্টাল ব্যালটে প্রবাসীদের পাঠানো ভোট দেশে পৌঁছাতে শুরু করেছে। তেজগাঁও ডাক বিভাগের মেইলিং সেন্টারে এসব এসে পৌঁছাচ্ছে।
পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন চার লাখ ১৬ হাজার ১৯৯ প্রবাসী। তবে তাদের ভোটসহ ব্যালট শনিবার (৩১ জানুয়ারি) পর্যন্ত দেশে ফিরেছে এক লাখ ৪৪ হাজার ৮৬০টি ব্যালট।
অন্যদিকে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে চার হাজার ৯০২ ভোটার বলে জানিয়েছেন ওসিভি এবং আইসিপিভি প্রকল্প পরিচালক ড. সালীম আহমাদ খান।
ইসির সংশ্লিস্ট বিভাগ থেকে জানা গেছে, প্রবাসী বাংলাদেশীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছেছে সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি। শনিবার দুপুর পর্যন্ত চার লাখ ১২ হাজার ৩৯টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট বক্সে জমা রয়েছে। অন্যদিকে, শনিবার পর্যন্ত দেশের অভ্যন্তরে পাঁচ লাখ ১৮ হাজার ৬০৩টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। তাদের মধ্যে ভোটার ব্যালট গ্রহণ করেছেন সাত হাজার ৩৬৭ জন।
ইসির দেয়া তথ্যানুযায়ী, সর্বোচ্চ ভোট দিয়েছে সৌদি আরবের প্রবাসীরা, এক লাখ ৪৪ হাজার ৫৩৬ জন। এছাড়া ভোট প্রদান করেছেন মালয়েশিয়ার ৪২ হাজার ৩৭১ জন, কাতারে ৪৫ হাজার ২৮১ জন, ওমানে ৩৯ হাজার ৭১৪ জন, সংযুক্ত আরব আমিরাতে ২১ হাজার ৬৮৫ জন।



