ঐতিহ্যগতভাবে বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হলেও এবার তা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত নেয়া সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
আজ রোববার আইন উপদেষ্টা সাংবাদিকদের জানান, বিএনপি নিজেই এই অভিপ্রায় ব্যক্ত করেছে।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং জুলাই ঘোষণা ও জুলাই সনদের মতো ঐতিহাসিক ঘটনাগুলোর সাথে সংসদ ভবন প্রাঙ্গণ ও দক্ষিণ প্লাজা বিভিন্ন কারণে স্মরণীয়।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ ওসমান হাদির জানাজাসহ নানা কারণে স্মৃতিবিজড়িত এ স্থানটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করে। এসব বিষয় বিবেচনা করেই সেখানে হয়তো শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।
এর আগে, ওইদিন সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে।
আসিফ নজরুল বলেন, বর্তমান প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই শপথ পরিচালনা করবেন বলে তিনি ধারণা করেন। তবে বিষয়টি নিশ্চিত করে পরে জানানো হবে।
সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরপরই বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে।



