জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’র অংশ হিসেবে চতুর্থ পোস্টার ‘পরাধীনতার দিনগুলি’ প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
শুক্রবার (৪ জুলাই) ‘জুলাই কোমেমোরেশন প্রোগ্রাম’-এর অংশ হিসেবে এ পোস্টার প্রকাশিত হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে এ দশটি পোস্টার এঁকেছেন শিল্পী দেবাশিস চক্রবর্তী। এ দশটি পোস্টারে তুলে ধরা হচ্ছে- কেন ২০২৪ সালের জুলাই আন্দোলন অনিবার্য হয়ে উঠেছিল এবং সেই সময়ে কী ঘটেছিল।
প্রকাশিত চতুর্থ পোস্টারে উঠে এসেছে শহীদ আবরার ফাহাদের প্রসঙ্গ, যিনি জুলাই আন্দোলনের অন্যতম অনুপ্রেরণার প্রতীক হিসেবে বিবেচিত। পোস্টারে আবরারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নির্মম হত্যাকে ‘জুলাইয়ের অনিবার্যতার একটি কারণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, জুলাই ২০২৪-এর অন্যতম যোদ্ধা, শিল্পী দেবাশিস চক্রবর্তী এ দশটি পোস্টার এঁকেছেন, যা পর্যায়ক্রমে প্রকাশিত হবে। আজ জুলাইয়ের চতুর্থ পোস্টারটি প্রকাশ করা হলো। এগুলোর মধ্য দিয়ে আন্দোলনের প্রেক্ষাপট, কারণ ও তাৎপর্য ফুটে উঠবে।
পোস্টারের ব্যাপারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শিল্পী দেবাশিস চক্রবর্তীর আঁকা দশটি পোস্টারে ফুটে উঠবে কেনো জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কী ঘটেছিল।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলা হয়েছে, ‘জুলাই ২০২৪-এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে দশটি পোস্টার এঁকেছেন। এই দশটি পোস্টারে ফুটে উঠবে কেনো জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কী ঘটেছিল। প্রতিদিন ধারাবাহিকভাবে একটি করে পোস্টার প্রকাশ করা হবে।’
উল্লেখ্য, ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ শিরোনামে মাসব্যাপী এ কর্মসূচি শুরু হয়েছে ১ জুলাই থেকে। এতে রয়েছে স্মারক প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং পোস্টার প্রদর্শনী।



