সিইসি

অস্ত্রবাজি করে ভোটে জেতার চেষ্টা করলে দুঃসংবাদ রয়েছে

সরকার এখন পর্যন্ত কোনো চাপ দেয়নি। চাপ দিলে আমি পদত্যাগ করব, চেয়ারে থাকব না।

নয়া দিগন্ত অনলাইন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন |সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘কোনো ভোটকেন্দ্রে অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে।’

তিনি বলেন, ‘যারা ব্যালট বাক্স দখলের স্বপ্নে বিভোর, তাদের সেই স্বপ্নভঙ্গ হবে। অস্ত্রবাজি করে ভোটে জেতার চেষ্টা করলে এবার তাদের জন্য রয়েছে দুঃসংবাদ।’

আজ শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (আরপিএটিসি) হল রুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘দেশের ক্লান্তিকালে আমি দায়িত্ব নিয়েছি। এই নির্বাচন নির্ধারণ করবে আমরা গণতন্ত্রের পথে হাঁটব, নাকি অন্য পথে। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বক্তব্য দ্বারা পরিচালিত নয়। আমরা রাজনৈতিক বিতর্কে যেতে চাই না। সরকারের চাহিদা অনুযায়ী নির্বাচন আয়োজন করাই আমাদের কাজ।’

তিনি জানান, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে কমিশন পুরোদমে প্রস্তুতি নিচ্ছে। ভোটার তালিকা হালনাগাদে ৭৭ হাজারের বেশি কর্মকর্তা মাঠে কাজ করেছেন। মৃত ভোটার বাদ দেয়া হয়েছে, নতুন যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কিছু কারেকশন শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন পদ্ধতি নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘আনুপাতিক বা পিআর পদ্ধতি সংবিধানে নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। আইন পরিবর্তন হলে বিষয়টি বিবেচনা করা হবে।’ সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

সরকার চাপ দিলে পদত্যাগ করবেন জানিয়ে সিইসি বলেন, ‘সরকার এখন পর্যন্ত কোনো চাপ দেয়নি। চাপ দিলে আমি পদত্যাগ করব, চেয়ারে থাকব না।’

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই মুহূর্তে তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। বিচার চলাকালীন তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। দেখা যাক বিচারে কী হয়।’