ইনকিলাব মঞ্চ

লীগ অ্যাক্টিভ হয়েছে, জনতার সাথে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহিত করছে

নির্বাচন ১২ তারিখেই হবে

‘লীগ (আওয়ামী লীগ) অ্যাক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে। একদিকে শহীদ ওসমান হাদি হত্যার বিচার এবং অন্যদিকে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ।’

নয়া দিগন্ত অনলাইন
সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ জানাল ইনকিলাব মঞ্চ
সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ জানাল ইনকিলাব মঞ্চ |ছবি : কোলাজ

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সক্রিয় (অ্যাক্টিভ) হয়ে উঠেছে বলে দাবি করেছে ‘ইনকিলাব মঞ্চ’। একইসাথে উদ্ভূত পরিস্থিতিতে আন্দোলনকারীদের আপাতত নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজ এবং সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেয়া পৃথক বার্তায় এ সতর্কবার্তা দেয়া হয়।

ইনকিলাব মঞ্চের বার্তায় বলা হয়, ‘লীগ (আওয়ামী লীগ) অ্যাক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে। একদিকে শহীদ ওসমান হাদি হত্যার বিচার এবং অন্যদিকে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করা হলো।’

Inqilab Manch 2
ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পোস্ট | স্ক্রিনশট

এদিকে, আন্দোলনের কারণে আসন্ন নির্বাচন পিছিয়ে যেতে পারে—এমন গুঞ্জন নাকচ করে দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। অপর এক পোস্টে তিনি স্পষ্ট করে বলেন, ‘নির্বাচন ১২ তারিখেই (১২ ফেব্রুয়ারি) হবে। নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেয়া হবে না।’

এর আগে, আজ দুপুরে জাতিসঙ্ঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। গতকাল বৃহস্পতিবার রাতেও কয়েক দফা আলটিমেটাম দিয়ে জাতিসঙ্ঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা।