চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত যুবকের মৃত্যু

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, রাফি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
নিহত সাজিদ চৌধুরী রাফি (২১)
নিহত সাজিদ চৌধুরী রাফি (২১) |নয়া দিগন্ত

রাজধানীর শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত যুবক সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২২ জুন) সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়।

নিহত রাফি কাফরুলের ইব্রাহিমপুর এলাকার বাসিন্দা মো: সামচু চৌধুরীর ছেলে। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন এবং বাসা ভাড়া দিয়েই জীবিকা নির্বাহ করতেন।

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, রাফি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরো জানান, ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটে।

রাফির চাচা মো: নূর হোসেন চৌধুরী জানান, ঘটনার দিন তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ১০ জুন তাকে ঢাকা মেডিক্যালের আইসিইউতে ভর্তি করা হয়। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তিনি মারা যান।

উল্লেখ্য, ৯ জুন রাত সাড়ে ১২টার দিকে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী গলিতে এ ঘটনা ঘটে। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় এক তরুণ রাফিকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে। ইটের আঘাতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান এবং মোটরসাইকেলটি তার শরীরের ওপর পড়ে থাকে। পরে হামলাকারীরাই রিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে যায়।