দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনাসমৃদ্ধ জাতি গঠনে বই পড়ার গুরুত্ব রয়েছে : সংস্কৃতিমন্ত্রী

‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষার্থীদের হাতে বইয়ের বদলে মাদক তুলে দিয়ে তাদেরকে অটোপাস করার ব্যবস্থা কায়েম করে জাতিকে মেধাশূন্য করার অপপ্রয়াস চালানো হয়েছিল।’

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় গ্রন্থকেন্দ্রে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
জাতীয় গ্রন্থকেন্দ্রে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী |সংগৃহীত

মুক্তচিন্তা, মানবিকতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনাসমৃদ্ধ জাতি গঠনে বই পড়ার অপরিসীম গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর জাতীয় গ্রন্থকেন্দ্রে সরকারি গণ-গ্রন্থাগারিকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নবিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষার্থীদের হাতে বইয়ের বদলে মাদক তুলে দিয়ে তাদেরকে অটোপাশ করার ব্যবস্থা কায়েম করে জাতিকে মেধাশূন্য করার অপপ্রয়াস চালানো হয়েছিল।

তিনি মাদক পরিহার করে পাঠ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন।

দেশব্যাপী সরকারি গ্রন্থাগারের পাশাপাশি কীভাবে আরো বেসরকারি গ্রন্থাগার নিবন্ধনের আওতায় আনা যায়, সে ব্যাপারে জাতীয় গ্রন্থাগার কর্তৃপক্ষকে নির্দেশনা দেন মন্ত্রী।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ডক্টর মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম।

এর আগে, মন্ত্রী জাতীয় গ্রন্থকেন্দ্রের কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন। বাসস