সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রুপা প্যারোলে মুক্তি পেয়েছেন।
বুধবার (১১ জুন) সন্ধ্যায় ফারজানা রুপার মা হোসনে আরা বেগমের জানাজায় যোগ দেয়ার জন্য তাদেরকে সাময়িক মুক্তি দেয়া হয়েছে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলায় পৃথক কারাগারে বন্দী রয়েছেন এই দম্পতি।
আজ রাত ৯টায় ময়মনসিংহের ঘাগড়া গ্রামে হোসনে আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রূপার ভাগ্নে নবনীল সরকার জানিয়েছেন, রুপা সন্ধ্যা পৌনে ৭টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়েছেন। তিনি ময়মনসিংহের পথে আছেন এখন।
আর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হোসনে আরা বেগম মারা যান বলে জানান নবনীল।
একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।
গত ২১ আগস্ট এই দুজনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।



