কর্মকর্তাদের গাড়িতে ৩০ শতাংশ জ্বালানি কমানোর নির্দেশ ডিএসসিসির

সিদ্ধান্ত অনুযায়ী, সংস্থার কর্মকর্তাদের ব্যবহৃত গাড়িতে জ্বালানি সরবরাহের পরিমাণ ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) |সংগৃহীত

বর্তমান বৈশ্বিক সঙ্কট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের সরকারি নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সিদ্ধান্ত অনুযায়ী, সংস্থার কর্মকর্তাদের ব্যবহৃত গাড়িতে জ্বালানি সরবরাহের পরিমাণ ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) ডিএসসিসির সচিব মোহাম্মদ নাছিম আহমেদ স্বাক্ষরিত এক দফতর আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দফতর আদেশে বলা হয়েছে, জ্বালানি ও জ্বালানিজাত দ্রব্যাদি সাশ্রয়ের জন্যে ডিএসসিসি’র কর্মকর্তাদের ব্যবহৃত গাড়িতে ৩০ শতাংশ এবং বর্জ্য ব্যবস্থাপনা কাজে ব্যবহৃত গাড়িতে ২০ শতাংশ কম জ্বালানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসাথে দাফতরিক কাজে গাড়ির সামগ্রিক ব্যবহার সীমিত করার নির্দেশ দেয়া হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয়ে দেয়া নির্দেশনায় বলা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা-দরজা বা ব্লাইন্ড খোলা রেখে আলোর ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়া বিদ্যমান ব্যবহৃত বাতির অর্ধেক ব্যবহার এবং অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এয়ার কন্ডিশনার (এসি) বন্ধ রাখতে হবে।

আদেশে আরো বলা হয়েছে, এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। অফিস কক্ষ ত্যাগের সময় লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার ও এসিসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করা নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমের অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখা এবং যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে বলা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বাসস