নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন

২৫ দিনে ১৮ লাখ টাকা অর্থদণ্ড : ১৭৬টি মামলা

তিন মামলায় সর্বোচ্চ পৌনে ৩ লাখ টাকা জরিমানা

ছয়টি আসনে তিনটি মামলায় সর্বোচ্চ দুই লাখ ৭৬ হাজার সাত শ’ টাকা জরিমানা করা হয়েছে।

বিশেষ সংবাদদাতা
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন |ইন্টারনেট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের এক ধরণের প্রতিযোগিতা চলছে। গত ২৫ দিনে বিভিন্ন প্রার্থী ও তাদের দলীয় কর্মীদের দ্বারা ২৫৭টি আসনে ২৭৬টি বিধি লঙ্ঘনে ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। বিপরীতে মামলা হয়েছে ১৭৬টি।

আজ সোমবার গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ও এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো: সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ইসির তথ্য অনুযায়ী, গত ২৩ জানুয়ারি ছয়টি আসনে তিনটি মামলায় সর্বোচ্চ দুই লাখ ৭৬ হাজার সাত শ’ টাকা জরিমানা করা হয়েছে।

ইসির সমন্বয় কমিটির তথ্য বলছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক এই মামলা ও জরিমানা করা হয়েছে। শুধু গত ১ ফেব্রুয়ারি আট মামলায় জরিমানা বা অর্থদণ্ড দেয়া হয়েছে ৭২ হাজার ৫০ টাকা। এর মধ্যে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড়-২ আসনের প্রার্থীর বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ৭ এর (গ) লঙ্ঘনে জরিমানা করা হয়েছে। অন্যান্য আসনে আচরণবিধি লঙ্ঘনের ধরণ হলো, ১৩(গ) বিধি লঙ্ঘন, আচরণবিধি ভঙ্গ, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ১৩(গ) বিধি ভঙ্গ, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ৭(৬) ও ১৩(গ) বিধি ভঙ্গের কারণ, আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও জামায়াতে ইসলামী প্রার্থীর প্রতিনিধিকে পাঁচ শ’ টাকা করে জরিমানা করা হয়েছে।

এছাড়া পোস্টার ও বিলবোর্ড অপসারণে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে টহল ও প্রচারণা চালানো হয়। এ সময় আচরণবিধি ভঙ্গের দায়ে একটি মামলায় জরিমানা করা হয়। মাদারিপুর-৩ আসনের হোসেনপুর ও বন্দরবাড়ী ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে টহল ও প্রচারণা চালানো হয়। এ সময় আচরণবিধি ভঙ্গের দায়ে পাঁচ শ’ টাকা করে জরিমানা করা হয় এবং একটি মামলায় করা হয়।