রাণী ভবানী পদক পেলেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক শিবলী

'তারুণ্যের পুরো সময়কে কাজে লাগিয়ে নাটোরের কৃতি সন্তান শিবলী অসংখ্য কালজয়ী গান রচনা করেছেন, উপন্যাস লিখেছেন। তিনি অনুকরণীয়।'

নয়া দিগন্ত অনলাইন
রাণী ভবানী পদক গ্রহণ করছেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক শিবলী
রাণী ভবানী পদক গ্রহণ করছেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক শিবলী |সংগৃহীত

দেশের খ্যাতিমান গীতিকার ও ঔপন্যাসিক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো: লতিফুল ইসলাম শিবলী রাণী ভবানী পদক পেয়েছেন।

রোববার (২২ মার্চ) অপরাহ্নে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের শহীদ জিয়াউর রহমান অডিটোরিয়ামে ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর’ (পুসান) আয়োজিত গুণীজন সংবর্ধনায় তাকে এ পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, তারুণ্যের পুরো সময়কে কাজে লাগিয়ে নাটোরের কৃতি সন্তান শিবলী অসংখ্য কালজয়ী গান রচনা করেছেন, উপন্যাস লিখেছেন। তিনি অনুকরণীয়। 

৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) এর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: জান-মাহমুদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. মো: শফিকুল ইসলাম বারী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মো: মোতাকাব্বির আহমেদ রাজু, কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মো: লতিফুল ইসলাম শিবলী, নাটোরের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফ আদনান, শিক্ষাবিদ ঝিনাইদহ ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম মঞ্জু প্রমুখ।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে মো: লতিফুল ইসলাম শিবলী বলেন, দেশের যুব সমাজ দেশের প্রয়োজনে সব সময় এগিয়ে এসেছে। তাদের আন্দোলন-সংগ্রাম কখনো বৃথা যায়নি। তাদের অবদান নিয়ে আমরা গান, কবিতা, উপন্যাস লিখেছি। তারুণ্যের শক্তিতে সকল বাঁধা ছিন্ন করে এগিয়ে যাবে দেশ।

উল্লেখ্য, মো: লতিফুল ইসলাম শিবলী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের দায়িত্বগ্রহণের পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয়।

মো: লতিফুল ইসলাম শিবলীর রচিত পাঁচ শতাধিক গানের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে- ‘তুমি আমার প্রথম সকাল’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘কেউ সুখী নয়’ ইত্যাদি। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে লেখা ‘আসমান’ জনপ্রিয় উপন্যাস। বাসস