রাজধানীর পল্লবীতে নৃশংসতার শিকার শিশু রামিসার বাবা-মায়ের খোঁজ-খবর নিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ ঈদুল আজহার দিন দুপুরে রামিসার বাসায় যান রিজভী। এ সময় তার বাবা-মা ও বোনের খোঁজ-খবর নেন এবং তাদের সাথে কথা বলেন।
পরে রুহুল কবির রিজভী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিতে এসেছি। হত্যাকারী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। বড় মেয়ে রাইসার পড়ালেখার দায়িত্বও নিয়েছেন তিনি।’
‘আমরা সবাই রামিসার আত্মীয় হিসেবে তাদের পরিবারের পাশে থাকবো,’ বলেন তিনি।
এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা: তৌহিদুর রহমান আউয়াল এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছর বয়সী রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সোহেল রানা নামে এক ব্যক্তি ও তার স্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে।



