কিশোরগঞ্জ থেকে ঢাকার আশকোনা হজ ক্যাম্পে আসার পর বাচ্চু মিয়া (৬২) নামে এক হজযাত্রী মারা গেছেন। তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো ও দাফন-কাফনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, সস্ত্রীক হজপালনের উদ্দেশ্যে গতরাত আনুমানিক আড়াইটার দিকে গাড়িযোগে অন্য সহযাত্রীদের সাথে হজক্যাম্পে আসেন বাচ্চু মিয়া। গাড়ি থেকে নামানোর জন্য সাহায্য চাওয়া হলে একটি স্বেচ্ছাসেবক টিম তার সহায়তায় এগিয়ে যান এবং শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হজ অফিসের মেডিক্যাল ক্যাম্পে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মো: ইকবাল অবস্থা পর্যবেক্ষণ করে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হজ অফিসের পরিচালক জানান, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান বাচ্চু মিয়ার লাশ গ্রামের বাড়িতে পাঠানো ও দাফন-কাফনের দায়িত্ব নিয়েছেন।
মৃতের লাশ একটি ফ্রিজিং গাড়িযোগে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লুনদিয়া গ্রামে পাঠানো হয়েছে। ওই গাড়িতে মৃতের স্ত্রী ছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, হজ অ্যাজেন্সির প্রতিনিধি ও কয়েকজন স্বেচ্ছাসেবক রয়েছেন।
মৃতের সহযাত্রীরা জানান, বাচ্চু মিয়া গাড়িতে হজক্যাম্পে আসার পথে অস্বস্তি বোধ করায় মীরের বাজার এলাকার একটি চায়ের দোকান হতে কিছুটা চিনি এনে খাওয়ানোর চেষ্টা করা হয়। কিন্তু তিনি সেটা খেতে পারেননি।



