নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির শোক

‘প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা সম্পর্কে গভীরভাবে অবগত একটি জাতি হিসেবে, বাংলাদেশের সংসদ ও জনগণ নেপালের প্রতি তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করছে।’

নয়া দিগন্ত অনলাইন
পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি
পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি |সংগৃহীত

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি গভীর শোক প্রকাশ করেছে।

বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা প্রাণহানির মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করছি এবং নিহতদের পরিবারের প্রতি ও নিখোঁজ স্বজনদের খবরের অপেক্ষায় থাকা ব্যক্তিদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি।’

কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংহতি প্রকাশের বিবৃতিকে পূর্ণ সমর্থন জানিয়ে এবং মানবিক ও উদ্ধার সহায়তা প্রদানের ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর ঘোষণা দেয়।

বিবৃতিতে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা সম্পর্কে গভীরভাবে অবগত একটি জাতি হিসেবে, বাংলাদেশের সংসদ ও জনগণ নেপালের প্রতি তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করছে।

দুর্গত এলাকায় অবস্থানরত যেকোনো বাংলাদেশী নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় দ্বিপক্ষীয় সহায়তা কার্যক্রম ত্বরান্বিত করার সরকারি প্রচেষ্টায় সহায়তা করতে কমিটি মন্ত্রণালয়ের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বাসস