তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহারজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার বিদ্যমান এনালগ কাঠামো থেকে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, এ লক্ষ্যে ইতোমধ্যেই দু’টি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে ডিজিটাল সমস্যার ডিজিটাল সমাধান গড়ে তোলা হবে।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য ফাহিমা নাসরিনের (সংরক্ষিত মহিলা আসন-২৯)-এর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, এআইভিত্তিক অপতথ্য ও গুজবের বিষয়টি সম্পর্কে সরকার সম্পূর্ণ অবগত এবং অনেকেই এর ভুক্তভোগী। এ কারণেই প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান কাঠামোটি মূলত এনালগ ব্যবস্থার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, অথচ সমস্যার ধরন সম্পূর্ণ ডিজিটাল। এ কারণে একটি রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে।
তিনি আরো বলেন, প্রচলিত জনবল কাঠামো দিয়ে সব চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব না হওয়ায়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আপাতত প্রকল্পভিত্তিক কার্যক্রম নেয়া হয়েছে।
ইতোমধ্যেই দু’টি প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং পর্যায়ক্রমে আধুনিক প্রযুক্তিনির্ভর সমাধান বাস্তবায়ন করা হবে বলে জানান মন্ত্রী। বাসস



