র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন করে প্রস্তাবিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাসের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিলটির একাধিক ধারার বিষয়ে কমিটির বিরোধী দলের দুই সদস্য ভিন্নমত পোষণ করেছেন। তাদের বক্তব্য ‘নোট অব ডিসেন্ট’ হিসেবে রিপোর্টের সাথে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নাল আবেদিন কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদে উপস্থাপিত রিপোর্টে বলা হয়, সেপ্টেম্বর ২০২৬-এ সংসদে উত্থাপিত এসআরবি বিল-২০২৬ জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৭ বিধি অনুযায়ী পরীক্ষা করে রিপোর্ট দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটি গত ৮ সেপ্টেম্বর বৈঠকে বিলটি বিস্তারিত পরীক্ষা করে।
বৈঠকে কমিটির সভাপতি জয়নাল আবেদিন ছাড়াও সালাউদ্দিন আহমদ, মীর শাহে আলম, রফিকুল ইসলাম, কামরুজ্জামান, মোহাম্মদ মনোয়ার হোসেন, শিরিন সুলতানা, মো: নুরুল ইসলাম (বুলবুল) ও মোহাম্মদ আব্দুল বাতেন অংশ নেন।
রিপোর্টে বলা হয়, কমিটির সদস্য (জামায়াতে ইসলামী) মো: নুরুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল বাতেন বিলটির ১০, ১২, ১৩, ১৪, ১৫, ১৭, ১৮, ১৯, ২০, ২২, ২৪, ২৫ ও ২৭ নম্বর দফায় উল্লেখিত বিধানের বিষয়ে ভিন্নমত পোষণ করেন। এ ছাড়া কমিটির অন্যান্য সদস্যও ২৪, ২৫ ও ২৭ নম্বর দফার কয়েকটি বিধানের বিষয়ে ভিন্নমত পোষণ করেন।
ভিন্নমত পোষণকারী সদস্যদের প্রস্তাব ও বক্তব্য রিপোর্টের সঙ্গে ‘নোট অব ডিসেন্ট’ হিসেবে সংযুক্ত করা হয়েছে বলে সংসদে জানানো হয়।
কমিটির সভাপতি জয়নাল আবেদিন বলেন, কমিটি অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন দিক ও খুঁটিনাটি পরীক্ষা করেছে। পর্যালোচনা শেষে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬ কমিটি কর্তৃক সংশোধিত আকারে জাতীয় সংসদে পাসের জন্য সুপারিশ করা হয়েছে।
রিপোর্ট প্রণয়ন ও বিল পরীক্ষার কাজে সহযোগিতা করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও ধন্যবাদ জানানো হয়।
কমিটির রিপোর্ট উপস্থাপনের পর স্পিকার তা সংসদে উত্থাপিত হয়েছে বলে ঘোষণা করেন। এরপর বিলটির ওপর সংসদীয় কার্যক্রম এগিয়ে যাওয়ার পথ তৈরি হলো।


