ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত বিশেষ বর্জ্য অপসারণ কার্যক্রমে মোট পাঁচ হাজার ৬৪৪ দশমিক ৬১ টন বর্জ্য অপসারণ করেছে।
ডিএনসিসির জনসংযোগ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক হাজার ২৯৭টি ট্রিপের মাধ্যমে এসব বর্জ্য পরিবহন ও অপসারণ করা হয়।
ঈদুল আজহায় ডিএনসিসি এলাকায় মোট ২০ হাজার ৮৮৯ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে প্রথম দিন ১০ হাজার ৬১৪ টন বর্জ্য উৎপাদন হতে পারে।
প্রথম দিন ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ডিএনসিসির উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: মফিজুর রহমান ভূঁইয়া জানান, সংস্থার নিজস্ব সাড়ে ছয় হাজার পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি আরো সাড়ে চার হাজার বর্জ্য সংগ্রহ কর্মী মাঠে কাজ করছেন। এছাড়া, প্রতিটি ওয়ার্ডে ১০০ জন করে মোট সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করছেন। সব মিলিয়ে প্রায় ১৬ হাজার জনবল মাঠে রয়েছে।
বর্জ্য অপসারণে ডিএনসিসি ১৬ লাখ ৩০ হাজার পলিব্যাগ বিতরণ করেছে। এছাড়া জীবাণুনাশক হিসেবে তিন হাজার ৬০০ বস্তা ব্লিচিং পাউডার বিতরণ হয়েছে। ব্যবহারের জন্য মোট ৭৫২টি যানবাহন ও যন্ত্রপাতি নিয়োজিত রয়েছে। এর মধ্যে রয়েছে ট্রাক, ডাম্পার, পে-লোডার, পানির গাড়ি, কম্পেক্টর ট্রাক ও রোড সুইপার।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরবাসীকে পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঈদকে ঘিরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
সূত্র : বাসস



