বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি আলি আকবর খান।
সোমবার (১ জুন) পুলিশ সদরদফতরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়।
১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদানকারী আলি আকবর খান ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশ পুলিশের এই চৌকস কর্মকর্তা তার দীর্ঘ কর্মজীবনে রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ অধিদফতর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নিষ্ঠা, দক্ষতা ও অকৃত্রিম সততার সাথে কর্মসম্পাদন করে সর্বমহলে প্রশংসা অর্জন করেছেন।
পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ইতালিতে অনুষ্ঠিত ‘প্রোমোটিং রেগুলার অ্যান্ড লিগ্যাল মাইগ্রেশন, প্রিভেন্টিং হিউম্যান ট্র্যাফিকিং, ডিসকারেজিং ইরেগুলার মাইগ্রেশন অ্যান্ড রিপ্যাট্রিয়েটিং ইরেগুলার মাইগ্রেন্টস’ এবং মালদ্বীপে অনুষ্ঠিত ‘ট্র্যাফিকিং ইন পার্সনস অ্যান্ড স্মাগলিং অব মাইগ্রেন্টস (টিআইপি/এসওএম) ডেটা কালেক্টিং ফর সাউথ এশিয়া’ শীর্ষক কর্মশালা উল্লেখযোগ্য। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তিনি তার পেশাগত জ্ঞান ও দক্ষতা সমৃদ্ধ করেছেন।
ডিআইজি আলি আকবর খান সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব গ্রহণ করায় সিআইডি পরিবার গভীর উচ্ছ্বাসের সাথে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছে। তার নেতৃত্ব, দূরদৃষ্টি ও পেশাদারিত্বের আলোকে সিআইডির চলমান কার্যক্রম আরো গতিশীল, আধুনিক ও সময়োপযোগী হয়ে উঠবে, এ প্রত্যাশা সকল সদস্যের।



