রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি নতুন পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো: আলী হোসেন ফকির।
খিলক্ষেত থানার খিলক্ষেত পুলিশ ফাঁড়ি ভবনের শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো: সরওয়ার উপস্থিত ছিলেন।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, ঢাকা মহানগরীর সম্প্রসারণ, পূর্বাচল নতুন শহরকে কেন্দ্র করে আবাসিক ও বাণিজ্যিক স্থাপনার দ্রুত বৃদ্ধি এবং ৩০০ ফিট এক্সপ্রেসওয়েকে ঘিরে জনসংখ্যা ও যানবাহন চলাচল বৃদ্ধি পাওয়ায় খিলক্ষেত থানার আওতাধীন বরুয়া, ডুমনি, পাতিরা, তলনা ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
তিনি বলেন, এসব এলাকা থানা থেকে তুলনামূলক দূরে হওয়ায় জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেয়া কঠিন হয়ে পড়ে। পাশাপাশি জমিসংক্রান্ত বিরোধ, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সার্বক্ষণিক পুলিশি উপস্থিতির প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে।
আইজিপি আরো বলেন, ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপন একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দেয়া সম্ভব হবে এবং প্রো-অ্যাকটিভ পুলিশিং কার্যক্রম আরো জোরদার হবে।
তিনি আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং নিরাপদ সমাজ বিনির্মাণে জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো: সরওয়ার বলেন, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পোঁছে দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এই নতুন ফাঁড়ি ভবন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস



