চট্টগ্রামে বোট, ট্রলিং জাল ও সামুদ্রিক মাছ জব্দসহ আটক ৬

তিনি আরো বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিজস্ব প্রতিবেদক
ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও সামুদ্রিক মাছ জব্দসহ ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের বাঁশখালী থানাধীন শেখেরখীল ঘাট সংলগ্ন এলাকায় আজ রাত সাড়ে ১২টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দ বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭টি ট্রলিং জাল ও ৫ হাজার ১৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দসহ ৬ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীকালে সামুদ্রিক উৎপাদন কর্মকর্তা, সামুদ্রিক মৎস্য দফতর, আগ্রাবাদের উপস্থিতিতে ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ, ট্রলিং জাল বিনষ্ট এবং মালিক পক্ষ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় ও মুচলেকা নিয়ে বোটসহ জেলেদের মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়। জব্দ সামুদ্রিক মাছ নিলামে ৩ লাখ ৭৫ হাজার টাকা বিক্রয় করে পূর্বে জরিমানা করা টাকাসহ মোট ৬ লাখ ৭৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।

তিনি আরো বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।