মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের সবাইকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং যুদ্ধের নেতৃত্বও দিয়েছেন।
শনিবার (২০ জুন) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) পরিবারের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জীবন, কর্ম ও আদর্শ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশ স্বাধীন হওয়ার পর তিনি আবার নিজের দায়িত্বে ফিরে গিয়েছিলেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তার মধ্যে ক্ষমতার কোনো লোভ ছিল না। তিনি রাষ্ট্রকে দুর্ভিক্ষের হাত থেকে মুক্ত করে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে নিয়েছিলেন এবং দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করেছেন।
তিনি বলেন, শহীদ জিয়ার অবর্তমানে বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর নির্যাতন-নিপীড়ন সহ্য করে গণতন্ত্রের পক্ষে কাজ করেছেন। বিএনপিকে কেউ ফ্যাসিস্ট বলতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। ‘করব কাজ, গড়ব দেশ-সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে শহীদ জিয়ার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে কাজ করতে হবে। বাসস



