দিল্লিতে প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

‘মো: সাইদুর রহমানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেয়া হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
সাংবাদিক মো: সাইদুর রহমান
সাংবাদিক মো: সাইদুর রহমান |সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো: সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মো: সাইদুর রহমানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেয়া হয়েছে।

শর্তানুযায়ী, যোগদানের তারিখ হতে আগামী এক বছর মেয়াদে তিনি ভারতে বাংলাদেশ হাইকমিশন নয়াদিল্লি মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োজিত থাকবেন। এ নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

নতুন নিয়োগপ্রাপ্ত মিনিস্টার (প্রেস) মো: সাইদুর রহমান ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অত্যন্ত সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনার ‘ক্রিয়েটিভ অ্যান্ড আর্টস’ এবং ‘ফ্যাক্ট চেকিং’ উপ-কমিটির সদস্য ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাধারণ সম্পাদক ছাড়াও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

নিয়োগের আগে সাইদুর দৈনিক ইত্তেফাক-এর ‘রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক’ হিসেবে দায়িত্ব পালন করেন। বাসস