সরকারের প্রশাসনে আবারো তিন সচিব পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব হিসেবে বদলির মাত্র ১১ দিনের মাথায় রফিকুল আই মোহাম্মদকে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। চুক্তিভিত্তিতে নিয়োজিত এই কর্মকর্তাকে এবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে।
শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে। আর বোর্ডটির বর্তমান চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত ১০ আগস্ট সচিব পর্যায়ে রদবদলের অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সচিব রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়েছিল। একই প্রজ্ঞাপনে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ওই মন্ত্রণালয়ের সচিব করা হয়।
ওই দিন আরেকটি প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের তৎকালীন সচিব খান মো. নূরুল আমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
নতুন রদবদলের ফলে রফিকুল আই মোহাম্মদের দায়িত্বে ফের পরিবর্তন এলো মাত্র ১১ দিনের ব্যবধানে।



