সারাদেশে ৬৯৯৫ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ : ইওএস

সংস্থাটি জানিয়েছে, নির্বাচনের তাদের ৫৫ হাজার পর্যবেক্ষক নিয়োজিত থাকবে।

নিজস্ব প্রতিবেদক
ইওএসের সংবাদ সম্মেলন
ইওএসের সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সর্ববৃহৎ জোট- ইলেকশন অবজারভার সোসাইটি (ইওএস) জানিয়েছে, তাদের পর্যবেক্ষণে সারাদেশে ৬ হাজার ৯৯৫টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে ঢাকা জেলার মধ্যে রয়েছে ১০৩টি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে সারা দেশে নিয়োজিত পর্যবেক্ষক থেকে প্রাপ্ত তথ্য ও নির্বাচনী পরিবেশ সংক্রান্ত তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।

ইওএস বলছে, দেশের অধিকাংশ ভোটারই ভোটাধিকার প্রয়োগ করতে উদগ্রীব হয়ে আছেন। কিন্তু বিভিন্ন প্রোপাগান্ডায় নির্বাচন নিয়ে এখনো কিছুটা সংশয় বিরাজ করছে। ইতোমধ্যেই ইওএস পর্যবেক্ষকদের প্রশিক্ষণকার্য সমাপ্ত হয়েছে। এবারই প্রথমবারের মতো সম্পূর্ণভাবে ভলান্টারি পদ্ধতিতে পর্যবেক্ষকরা কাজ করতে যাচ্ছেন কোনোপ্রকার আর্থিক সহায়তা ছাড়াই।

সংস্থাটি জানিয়েছে, নির্বাচনের তাদের ৫৫ হাজার পর্যবেক্ষক নিয়োজিত থাকবে।

তবে তাদের অভিযোগ, তাদের এই পর্যবেক্ষকদের খাবার ও যাতায়াত খরচের জন্য নির্বাচনকেন্দ্রীক সরকারি দফতরগুলোর প্রতি বার বার আহ্বান জানানো হলেও এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।

তারা বলছে, ‘সংস্থাপ্রধানেরা পুরো অর্ধবেলা কমিশনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষ আলোচনার জন্য কিংবা দাবি-দাওয়া শোনার জন্য কোনো প্রতিনিধি পাঠায়নি। এমনকি স্মারকলিপিটি পর্যন্ত তারা রাখেনি। অথচ বিভিন্ন দলগোষ্ঠীর সাথে তাদের ম্যারাথন মিটিং সারাদিনই চলে। তাদের এহেন আচরণে ইওএসের সকল সংস্থা তাদের সকল পর্যবেক্ষক প্রত্যাহার করে নেয়ার সম্মিলিত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল। কিন্তু দেশব্যাপী সাধারণ মানুষের আসন্ন নির্বাচনকেন্দ্রীক ভাবনা এবং দেশের নাগরিক হিসেবে স্থিতিশীলতার স্বার্থে আমরা এখন পর্যন্ত এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছি না।’

তারা আরো বলেন, ‘কমিশন থেকে পর্যবেক্ষক পরিচয়পত্র একবার অনলাইন একবার অফলাইন করার মাধ্যমে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। যদিও শেষতক অফলাইনে নির্বাচন কমিশন সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে কিন্তু স্থানীয়ভাবে বিভিন্ন জেলায় আমাদের পর্যবেক্ষকরা পর্যবেক্ষক পরিচয়পত্র পেতে বিড়ম্বনার শিকার হচ্ছে। ইতোমধ্যেই বিভিন্ন গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থাগুলোর সক্ষমতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যেটা সাধুবাদ পাবার যোগ্য।’

‘আমরা এবার সুপরিকল্পিত প্রস্তুতি নিয়ে ৩০০ আসনেই পর্যবেক্ষক মোতায়েন করেছি। দেখতে বিশাল মনে হলেও ৫৫ হাজার পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে ৪২ হাজারের অধিক কেন্দ্রের বিপরীতে, ফলে দিনশেষে দেখা যাচ্ছে এক কেন্দ্রে দুইজনের চেয়েও কম সংখ্যক পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে। আমরা দেশবাসীর কাছে একটা স্বচ্ছ, সুন্দর, নিরপেক্ষ পর্যবেক্ষণ রিপোর্ট উপস্থাপন করতে অঙ্গীকারাবদ্ধ।’

সংবাদ সম্মেলনে তথ্য-উপাত্ত ও মূল বক্তব্য উপস্থাপন করেন ইওএস সভাপতি মো: ইকবাল হোসেন হীরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী শহীদুল ইসলাম আপ্পি, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আমীন, সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস আহমেদ, সহ-সভাপতি বশির আহমেদসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।