পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়

পদ্মা ও যমুনা সেতুতে এক দিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার এবং সর্বোচ্চ টোল আদায়ের এক নতুন রেকর্ড গড়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পদ্মা সেতুর টোল প্লাজা
পদ্মা সেতুর টোল প্লাজা |ইন্টারনেট

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন দেশের দুই বৃহৎ সেতু- পদ্মা ও যমুনায় এক দিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার এবং সর্বোচ্চ টোল আদায়ের এক নতুন রেকর্ড গড়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি ও সমন্বিত ব্যবস্থাপনার সুফলে এই ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ৫ জুন পদ্মা সেতু দিয়ে সর্বমোট ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার এবং এদিন সর্বোচ্চ পাঁচ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা টোল আদায় হয়, যা সেতুটির ইতিহাসে এক অনন্য রেকর্ড।

অন্যদিকে, একই দিনে দেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা সেতু দিয়ে সর্বোচ্চ ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার এবং আদায় হয় সর্বোচ্চ চার কোটি ১৮ লাখ ১৪ হাজার ৮৫০ টাকা টোল। এটি যমুনা সেতুর ইতিহাসে সর্বোচ্চ টোল আদায়ের নতুন রেকর্ড।

সেতু কর্তৃপক্ষ আরো জানায়, এর আগে পদ্মা সেতুর উদ্বোধনী দিনে- ২০২২ সালের ২৬ জুন, সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছিল এবং সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ২০২৪ সালের ৯ এপ্রিল, যার পরিমাণ ছিল চার কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা।

অপরদিকে, যমুনা সেতুতে পূর্ববর্তী রেকর্ড ছিল ২০২৩ সালের ২৭ জুনে সর্বোচ্চ ৫৫ হাজার ৬২১টি যানবাহন পারাপার এবং ২০২৪ সালের ১৪ জুনে সর্বোচ্চ টোল আদায় তিন কোটি ৮৩ লাখ ৪৬ হাজার ২০০ টাকা।

এই গৌরবময় সাফল্যের পেছনে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা এবং সেতু সচিবের প্রাজ্ঞ নেতৃত্ব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দের পেশাদারিত্ব এবং টোল আদায় ও ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক পরিশ্রম ও নিষ্ঠা রয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

সেতু কর্তৃপক্ষ মনে করে, এই অর্জন দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় দক্ষতা, সমন্বয় এবং জনগণের সহযোগিতার এক উজ্জ্বল নিদর্শন।

ঈদুল আজহাকে ঘিরে ঘরমুখো মানুষের স্বস্তিদায়ক, নিরাপদ ও শৃঙ্খল যাত্রা নিশ্চিত করার ক্ষেত্রে এ সফলতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছে, আসন্ন ঈদুল আজহা সকলের জন্য আনন্দময়, নিরাপদ ও শান্তিপূর্ণ হোক।

সূত্র : বাসস