হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করতে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থার (জাইকা) সহযোগিতা চেয়েছে সরকার।
আজ সোমবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)’র সাথে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ বিষয়ে আলোচনা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।
সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
আলোচনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত চালুর বিষয়ে জাইকার সহযোগিতা কামনা করা হয়।
এ সময় জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এছাড়া দেশের পর্যটন খাতের উন্নয়নে জাইকার পক্ষ থেকে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আগ্রহও ব্যক্ত করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



