সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার ব্যাখ্যা দিলো বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদের এমপি হিসেবে শপথ নিলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি।

নয়া দিগন্ত অনলাইন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ |সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ হচ্ছে আজ। এরইমধ্যে শপথ নিয়েছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। তবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।

তিনি যখন এই ঘোষণা দেন তখন সেখানে দলটির চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদ সাদা ও নীল রংয়ের দু’টি ফরম হাতে নিয়ে বলেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটার বিধান করতে হবে।’

তিনি বলেন, ‘এমন ফরম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি। আশা করি সামনের দিনেও চলব।’

এরপর তিনি দলীয় সদস্যদের উদ্দেশে আরো বলেন, ‘আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম।’

সূত্র : বিবিসি