ঈদের আমেজেও থামেনি দায়িত্ব, ব্যস্ততায় দিন কাটালেন তথ্য প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত বেতাগৈর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ করেন।

নয়া দিগন্ত অনলাইন
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী |ফাইল ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ঈদের আমেজে দায়িত্ব পালনে থেমে থাকেননি তিনি।

শুক্রবার (২৯ মে) তিনি মোয়াজ্জেমপুর এলাকায় এক জানাজায় অংশ নেন। এ সময় কবরস্থানে নেয়ার জন্য মরহুমের লাশ বহনকারী খাট তিনি নিজ কাঁধে তুলে নেন। এতে বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। জানাজা শেষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

একই দিন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, নান্দাইল (নরসুন্দা) আয়োজিত সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান এবং সামাজিক উন্নয়নে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

দিনের আরেক কর্মসূচিতে তিনি ব্রহ্মপুত্র স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন। তিনি শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান। 

এদিকে, সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত বেতাগৈর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ করেন। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন এবং দ্রুত পুনর্বাসনের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এছাড়া, দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের খোঁজখবর নেন ইয়াসের খান চৌধুরী। স্থানীয়দের সাথে মতবিনিময়কালে তিনি উন্নয়ন কর্মকাণ্ড ও জনদুর্ভোগ নিরসনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মধুপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। এ সময় তিনি স্থানীয় জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সরকারের নেয়া নানান উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে মসজিদের মুসুল্লিদের অবহিত করেন তিনি।

দিনের অন্য আরেকটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত অর্থের চিঠি সংশ্লিষ্ট প্রতিনিধিদের হাতে তুলে দেন প্রতিমন্ত্রী।

সূত্র : বাসস