সরকার দলীয় নেতাকর্মীরা রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী পন্থা বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
আজ লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এবং মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙ্চুর এবং তিনিসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আহত করার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন পরবর্তী এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চন্দ্রগঞ্জ উপজেলা যুব নেতা তাওসীফ হাসনাইনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা নূর মোহাম্মদ রাসেল ও সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন, লক্ষ্মীপুর শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম ও চন্দ্রগঞ্জ উপজেলার সহকারী সেক্রেটারি কাউসার হামিদ প্রমুখ।
ড. রেজাউল করিম বলেন, ‘সরকার বিরোধী দলকে আস্থায় নিয়ে রাজনীতি করছে না বরং নিজেদের উপর্যুপরি ব্যর্থতার ঢাকতেই পরিকল্পিতভাবে বিরোধী দলের সাথে সঙ্ঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে। মাত্র তিন মাসের মধ্যেই সরকার ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কাজনকভাবে অবনতি হয়েছে। তারা জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। তারা নিজের উপর্যুপরি ব্যর্থতা ঢাকার জন্যই বিরোধী দলের নামে নানাবিধ বয়ান তৈরি করে জাতিকে আবারো বিভক্ত করার চেষ্টা করছে। একই সাথে বিরাধী দলকে নৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে হামলা ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। কিন্তু এসব করে অতীতে কোনো স্বৈরশক্তির শেষ রক্ষা হয়নি, আর কারো হবেও না।’
তিনি অবিলম্বে অ্যাডভোকেট রেজাউল করিমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানান। অন্যথায় সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণকেই তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি বলেন, ‘জুলাই বিপ্লবে বর্তমান ক্ষমতাসীনদের উল্লেখযোগ্য কোনো অবদান ছিল না। তাই তারা এখন জুলাই সনদকে পাশ কাটানোর নানা ধরনের টালবাহানা শুরু করেছে। যা গণরায়ের প্রতি রীতিমত অশ্রদ্ধা। কিন্তু এসব করে সরকার কোনোভাবেই গণরায় পাশ কাটাতে পারবে না বরং তা তাদের জন্যই তা হবে আত্মঘাতি’। তিনি সরকারকে অপরাজনীতি বন্ধ করে ইতিবাচক ও উৎপাদনের রাজনীতিতে ফিরে আসার আহবান জানান। অন্যথায় তাদেরকে অতীতের পরিণতি বরণ করতে হবে।
লক্ষ্মীপুরে ঈদ পুনর্মিলনী
আজ লক্ষ্মীপুরে ১৫ নম্বর লাহারকান্দি ইউনিয়ন ইসলামী ছাত্রশিবির আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন লাহারকান্দি ইউনিয়ন জামায়াতের আমির আবু শরীফ ইয়াকুব ও ইসলামী ছাত্রশিবিরের লক্ষীপুর শহর শাখার সেক্রেটারি ইসমাঈল হোসেন ফয়সল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি



