ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে ৩২ জন নির্বাহী ম্যাজিট্রেটকে আট বিভাগে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রেষন-২ শাখার উপ-সচিব মোহাম্মদ নুর এ আলম সাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
এতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি প্রতিপালন নিশ্চিত করতে ভোটগ্রহণের ২ (দুই) দিন পর পর্যন্ত সময়ের জন্য বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ এর সেকশন ১০(৫) মোতাবেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারা মোতাবেক তাদের নামের পাশে বর্ণিত অধিক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হলো।
ন্যস্তকৃতদের মধ্যে ঢাকা বিভাগে সাতজন, চট্রগ্রাম বিভাগে পাঁচজন, খুলনা বিভাগে চারজন, রাজশাহী বিভাগে চারজন, বরিশাল বিভাগে তিনজন, সিলেট বিভাগে দু’জন, রংপুর বিভাগে তিনজন ও মংমনসিংহ বিভাগে চারজনকে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার তার আওতাভুক্ত এলাকার চাহিদার ভিত্তিতে পদায়ন করবেন। ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদায়নের পর সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট/রিটানিং অফিসারের কাছে যোগদান/রিপোর্ট করবেন।
ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত রাখবেন এবং ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে প্রতিদিন সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটানিং অফিসার বরাবর প্রেরণ করবেন। বাসস



