হাজীদের সাথে এদিক সেদিক করলে তার কোনো ক্ষমা নেই মন্তব্য করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, হাজীদের সেবার দায়িত্বে থাকা সরকারি টিমের সদস্যরা দায়িত্ব পালনে অবহেলা করলে তাদের ফিরতি ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হবে।
তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধেও অনেকে অনেকভাবে ষড়যন্ত্র করছে। এজন্য টিমের চিকিৎসকদের পরিবর্তন করা হয়েছে। যেন সরকারের বদনাম না হয়। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের হুঁশিয়ার থাকতে হবে। সরকারের ভাব-মর্যাদা যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’
বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সহনশীল একজন মানুষ কিন্তু তিনি হজের ব্যাপারে খুবই কঠোর। গত ১২ এপ্রিলের সভায় প্রধানমন্ত্রী বলেছেন হাজীদের সেবায় কোনো প্রকার গাফলতি সহ্য করা হবে না।’
হজ টিমের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আমি হাজীদের খাদেম হিসেবে সৌদি যাব। আপনারাও হজযাত্রীদের খাদেম হিসেবে যাচ্ছেন। হজযাত্রীদের খেদমতের সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। তাদেরকে ভালোভাবে সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। টিমের সদস্যদেরকে প্রকৃত খাদেম হিসেবে নিযুক্ত হওয়ার অনুরোধ জানান তিনি।
ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের খেদমত বাদ দিয়ে অন্যান্য কাজ করা যাবে না। হাজীদের সাথে যারা এদিক-সেদিক করবে তাদের ক্ষমা নেই। আল্লাহর মেহমানদের খেদমতে কোনো গাফিলতি সহ্য করা হবে না।
তিনি বলেন, এবার হজে আমার ব্যক্তিগত একটি বিশেষ টিম থাকবে হজ টিম ও অ্যাজেন্সি মালিকদের অনিয়ম-দুর্নীতি দেখতে। কেউ অনিয়ম করে পার পাবেন না।
তিনি আরো বলেন, যারা ভালো কাজ করবেন এবং হাজীরা যাদের ওপর সন্তুষ্ট থাকবেন তাদেরকে পরবর্তী বছরে আবার হজযাত্রীদের খেদমতের সুযোগ দেয়া হবে। আর যারা হাজীদের যথাযথ সেবা দেবেন না তাদেরকে মক্কা থেকে দেশে পাঠিয়ে দেয়া হবে।
এ সময় মন্ত্রীর আহ্বানে হজ টিমের সদস্যরা হজযাত্রীদের খেদমত করার বিষয়ে হাত তুলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি’র সভাপতিত্বে এ প্রশিক্ষণে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো: শফিকুল ইসলাম খান ও হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো: আয়াতুল ইসলাম বক্তব্য রাখেন।
এর আগে, পাওয়ার পয়েন্টে বিভিন্ন টিমের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেন হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক। এ প্রশিক্ষণে হজ মনিটরিং টিম, প্রশাসনিক টিম, প্রশাসনিক সহায়ক টিম, কারিগরি টিম ও সমন্বিত চিকিৎসক টিমের সদস্যরা অংশ নেন।



