ঈদের দিনেও কর্মব্যস্ত ঢামেক, পরিদর্শনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক

‘সীমাবদ্ধতার মধ্যেও ঢাকা মেডিক্যাল পরিবার সাধ্যমতো চেষ্টা করে সেরা সেবা নিশ্চিত করতে। ঈদ কিংবা অন্য ছুটিতেও সেবা দিয়ে যান চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।’

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস |বাসস

ঈদের আনন্দের মাঝেও কর্মব্যস্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক)। দেশের অন্যতম প্রধান এই হাসপাতালে ঈদের দিনেও চিকিৎসাসেবা অব্যাহত থাকে।

ইনডোরে ঈদের দিনেও ভর্তি রয়েছেন দুই হাজার ৩২৪ জন রোগী। চালু রয়েছে প্যাথলজি, এক্সরেসহ অন্যান্য জরুরি স্বাস্থ্যসেবা। এর পাশাপাশি ঈদ উপলক্ষে হাসপাতালের রোগীদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থাও করে কর্তৃপক্ষ।

এদিকে বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নেন। পাশাপাশি পরিবেশিত উন্নতমানের খাবার পর্যবেক্ষণ করেন। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

একইসাথে ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সাথেও কুশল বিনিময় ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস।

এছাড়া ঈদের দিনে হাসপাতাল পরিদর্শনে আসেন মেডিক্যাল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আসাদুজ্জামান, হাসপাতালের অ্যান্ডোক্রিনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: ইন্দ্রজিৎ প্রসাদ, উপপরিচালক ডা: মো: আশরাফুল আলম, সহকারী পরিচালক ডা: শায়লা প্রমুখ।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘সীমাবদ্ধতার মধ্যেও ঢাকা মেডিক্যাল পরিবার সাধ্যমতো চেষ্টা করে সেরা সেবা নিশ্চিত করতে। ঈদ কিংবা অন্য ছুটিতেও সেবা দিয়ে যান চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।’

ঢাকা মেডিক্যালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আসাদুজ্জামান বলেন, ‘ঢাকা কিংবা ঢাকার বাইরের যেকোনো জটিল রোগীর কাছে ঢাকা মেডিক্যাল এখনো শেষ ভরসার জায়গা। বেড খালি না থাকলেও মানবিকতার বিবেচনায় বিভিন্ন ধরনের জটিল রোগী ফেরাতে পারে না ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল।’

সূত্র : বাসস