শিক্ষা উপদেষ্টার সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এ সাক্ষাতে উভয় দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে দু’জনের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

নয়া দিগন্ত অনলাইন
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমজান সি আর আবরারের সাথে সাক্ষাৎ করেন
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমজান সি আর আবরারের সাথে সাক্ষাৎ করেন |সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরারের সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূত সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশ এবং ফিলিস্তিনের শিক্ষাব্যবস্থাকে উভয়ের সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ করেন তিনি।

উভয় দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে দু’জনের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে ফিলিস্তিনের ছাত্রছাত্রীদের বাংলাদেশে লেখাপড়া করার সুযোগ প্রদান করেছে এ জন্য ফিলিস্তিনের রাষ্ট্রদূত শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারকে ধন্যবাদ জানান।

ফিলিস্তিনের শিক্ষা বিস্তারে বাংলাদেশের অবদানকে তারা বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং বাংলাদেশের এ সহযোগতিার জন্য ফিলিস্তিনের বর্তমান শিক্ষামন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেছেন।

বর্তমানে গাজায় যে সঙ্কট চলছে এ সঙ্কটে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। তিনি জানান, বাংলাদেশ থেকে শিক্ষা অর্জন করে ৪১ জন চিকিৎসক গাজায় আহতদের চিকিৎসা সেবা প্রদান করছেন এ জন্য ফিলিস্তিনের জনগণ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ।

বাংলাদেশের এ অবদানকে স্মরণীয় হিসেবে রাখবেন বলে মন্তব্য করেছেন তিনি। যখন ফিলিস্তিন মুক্ত হবে তখন তারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের ফিলিস্তিনে পড়াশুনার সুযোগ করে দেয়ার মাধ্যমে এ অবদানের পরিপূরক হিসেবে বাংলাদেশের এ ঋণ পরিশোধের চেষ্টা করবেন বলে জানান তিনি। বাসস