ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬-এর ওপর প্রতিবেদন চূড়ান্ত করে তা জাতীয় সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে দেশের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিলটির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছে কমিটি।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে কমিটির চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মো. আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, মো. মুজিবুর রহমান এবং জি. এম. নজরুল ইসলাম অংশগ্রহণ করেন। বিশেষ কমিটির আমন্ত্রণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনও বৈঠকে উপস্থিত ছিলেন।
আলোচনার শুরুতে বিগত বৈঠকসমূহের কার্যবিবরণী অনুমোদন করা হয়। বৈঠকে কমিটি কর্তৃক বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ সম্পর্কে আলোচনা ও রিপোর্ট প্রদান করা হয় এবং সংসদে পেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় দেশের স্বাস্থ্যসেবাকে আরো কার্যকর করার লক্ষ্যে বিলটির বিভিন্ন দিক নিয়ে কমিটির সদস্যরা বিস্তারিত পর্যালোচনা করেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


