শিগগিরই প্রবাসী কার্ড চালু করা হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

‘আমরা ১৮০ দিনের যে অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছি তাতে প্রধানমন্ত্রী গাইডলাইন দিয়েছেন যে, বন্ধ হয়ে থাকা শ্রমবাজার বিশেষ করে মধ্যপ্রাচ্য, সৌদি আরব, মালয়েশিয়াসহ অন্যান্য দেশে আবার কিভাবে চালু করা যায়।’

নয়া দিগন্ত অনলাইন
সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী |সংগৃহীত

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর এখন আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড খুব শিগগিরই চালু করব।

তিনি বলেন, স্পেনে অবস্থানরত আনডকুমেন্টেড ২৫ হাজার বাংলাদেশীকে সে দেশে বৈধকরণের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে এর সমাধান করা যায় সেজন্য পদক্ষেপ নেব।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

বন্ধ শ্রমবাজার চালুর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ১৮০ দিনের যে অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছি তাতে প্রধানমন্ত্রী গাইডলাইন দিয়েছেন যে, বন্ধ হয়ে থাকা শ্রমবাজার বিশেষ করে মধ্যপ্রাচ্য, সৌদি আরব, মালয়েশিয়াসহ অন্যান্য দেশে আবার কিভাবে চালু করা যায়।’

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এ বিষয়ে একটা স্ট্যান্ডিং কমিটি করে দেয়া হয়েছে এবং এ কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বন্ধ থাকা শ্রমবাজার চালুর বিষয়ে মাস খানেকের মধ্যে আপনারা ফিডব্যাক পাবেন।

প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘এখন পর্যন্ত আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রয়েছে এবং এটা সামনের দিনগুলোতেও স্থিতিশীল রাখতে সক্ষম হব ইনশাআল্লাহ।’

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী প্রেস ব্রিফিংয়ে বলেন, সিলেট পানিসম্পদ মন্ত্রণালয়ের একটা জোন। এখানে চারটি জেলা সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ।

এটা একটা বর্ডার এলাকা, ‘এখানে সীমান্তের ওপার থেকে ঢলের পানি আসে এবং এখানে বন্যা হয়। এ এলাকাকে বন্যামুক্ত রাখা আমাদের জন্য চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে সক্ষম হব।’

এ অঞ্চলকে নদীভাঙ্গন থেকে রক্ষা করতে জরুরি ভিত্তিতে যেখানে যা করা দরকার প্রয়োজন অনুযায়ী আমরা তাই করব বলে পানিসম্পদমন্ত্রী উল্লেখ করেন। বাসস