ড. খন্দকার মোশাররফ

ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাজেট বাস্তবায়ন সম্ভব

‘দেশের মানুষ অতীতে বহুবার অসম্ভবকে সম্ভব করেছে, তাই বর্তমান সঙ্কটেও ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই বাজেট বাস্তবায়ন সম্ভব।’

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka City
সংসদে ড. খন্দকার মোশাররফ
সংসদে ড. খন্দকার মোশাররফ |নয়া দিগন্ত

বাজেট আলোচনায় অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতা ও সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের মানুষ অতীতে বহুবার অসম্ভবকে সম্ভব করেছে, তাই বর্তমান সঙ্কটেও ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই বাজেট বাস্তবায়ন সম্ভব।

রোববার (২৮ জুন) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৭তম দিনে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

তিনি বিগত সরকারের সময়ে লুটপাটের কারণে অর্থনীতির যে দুরবস্থা তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে বর্তমান সরকারের বাজেটকে যুগোপযোগী বলে মন্তব্য করেন।

তিনি তার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছিলেন এবং বিএনপি গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তিনি বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এবং দলের বর্তমান নেতৃত্ব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, সাম্প্রতিক আন্তর্জাতিক সফরের মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে এবং চীনের ১১টি প্রতিষ্ঠান ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে, যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ড. মোশাররফ বাজেটকে শক্তিশালী সমালোচনা ও গঠনমূলক আলোচনার ভিত্তিতে পরিপূর্ণ করার আহ্বান জানান এবং অতীতের গণতান্ত্রিক আন্দোলনের উদাহরণ টেনে বলেন, বাঙালি জাতি চাইলে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।

তিনি কুমিল্লা বিমানবন্দর পুনরায় चालू, কুমিল্লাকে বিভাগ ঘোষণা, ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণ এবং দাউদকান্দিকে জেলা ঘোষণার দাবি জানান, যা বাস্তবায়িত হলে আঞ্চলিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে তিনি মন্তব্য করেন।

সর্বশেষ বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।